গল্পনির্ভর ফটোগ্রাফির এই আয়োজন দিয়েই যাত্রা শুরু করল ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’
সিলেট, ১৭ নভেম্বর ২০২৬: মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ), সিলেটে শুরু হয়েছে ইন্ট্রা ‘এমসি কলেজ ফটোগ্রাফি এক্সিবিশন ও কম্পিটিশন’ “ক্ষণচিত্র” সিজন ০১। এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির (MCFPS) আয়োজনে আজ সকাল ১০টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। “স্টোরি বেইজড ফটোগ্রাফি” থিমের এই প্রদর্শনীতে কলেজের শিক্ষার্থীদের তোলা মোট ২৪টি ছবি প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। তাঁর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করা হয়। বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন এবং প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ। সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উৎস কান্তি দাস। তিনি অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং সোসাইটির লক্ষ্য ও এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফসর আব্দুল হামিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নীলুফার খানম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদা আলম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী এবং ‘এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র উপদেষ্টা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা ও ছবির মাধ্যমে গল্প বলার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে আশা রাখেন।









