অনলাইন ডেষ্ক::
ইরানের হুমকির আশঙ্কায় ব্রিটেনের দ্বিতীয় একটি সামরিক বিমানঘাঁটি থেকেও মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে এসব বিমান সরিয়ে নেওয়া হয়।
এর কয়েক সপ্তাহ আগে একই ধরনের নিরাপত্তা উদ্বেগে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরানো হয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সোমবার সকালে মিলডেনহল ঘাঁটিতে থাকা দুটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানির উদ্দেশে রওনা হয়। পরে আরো কয়েকটি ট্যাংকার জার্মানি ও অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে ঘাঁটিটি ঘিরে কী ধরনের হুমকি রয়েছে, তা নিয়ে মার্কিন কর্মকর্তারা এখনো আলোচনা করছেন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সামরিক প্রয়োজনে নিয়মিতই বিমান ও অন্যান্য সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এরপর নিরাপত্তার কারণে সেখান থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, অতীতে এই ঘাঁটি ব্যবহার করেই ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।









