নিউজ ডেস্ক –
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হলেও পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিমানমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উদ্বোধনের পরপরই টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না। পুরোপুরি চালু করতে আরও ১৪ মাস সময় লাগবে।
এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে।










