নিউজ ডেস্ক –
ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সংরক্ষণে আগামী ১ ডিসেম্বর থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আগামী ১ ডিসেম্বর সকাল থেকেই চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হবে। এর আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণের জন্য যানবাহনের মালিক ও চালকদের অনুরোধ করেছে ডিএমপি। এ সময়ের পর কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এর ব্যবহার দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
আনিছুর রহমান আরও বলেন, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইল্যান্সার ব্যবহার করা হচ্ছে। এতে ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। এজন্য রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে।
তিনি বলেন, সড়ক পরিবহণ বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো- অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
অটোরিকশা বা একই ধরনের যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি করপোরেশন এ ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এ ধরনের যানবাহনেরও অভিযান চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহণও শৃঙ্খলায় চলে আসবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদ্রোগী এবং অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে,অনুমোদনহীনভাবে বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর তফশিল-১-এ এলাকাভেদে অনুমোদিত শব্দের মাত্রাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল শব্দের সীমা অনুমোদিত। আবাসিক এলাকায় দিনে ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে ৬০ ডেসিবেল এবং রাতে ৫০ ডেসিবেল হতে পারবে। অন্যদিকে বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল এবং রাতে ৬০ ডেসিবেল অনুমোদিত। শিল্প এলাকায় শব্দের মাত্রা দিনে ৭৫ ডেসিবেল এবং রাতে ৭০ ডেসিবেলের মধ্যে থাকতে হবে।
সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৬ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অননুমোদিতভাবে মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে অপরাধীদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
হাইড্রোলিক হর্ন এবং মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত শব্দের মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাতকরণ বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। উপবিধি (১) এ বলা হয়েছে- মোটরযানের অবস্থান বোঝানোর জন্য শ্রবণযোগ্য ও পর্যাপ্ত সতর্কতা প্রদানের উদ্দেশ্যে প্রতিটি মোটরযানে চালকের তাৎক্ষণিক ব্যবহারের জন্য হর্ন বা অন্য কোনো অনুমোদিত যন্ত্র সংযুক্ত থাকতে হবে।
উপবিধি (২) এ উল্লেখ করা হয়েছে- হর্ন বা যন্ত্রের উৎপাদিত শব্দের মাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ বর্ণিত নির্ধারিত মাত্রা অতিক্রম করতে পারবে না। উপবিধি (৩) এ রয়েছে- পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুশ্রুতি হর্ন ব্যবহার করা যাবে না। তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন কিংবা ব্যবহার করা যাবে না।
উপবিধি (৪) এ রয়েছে- মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে উপবিধি (৩)-এর বিধান প্রযোজ্য হবে না।










