নিউজ ডেস্ক –
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অগ্নিসন্ত্রাস পতিত আওয়ামী লীগের আসল চরিত্র। তাদের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি। কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস যেটা হচ্ছে, এটা আওয়ামী লীগের আসল চরিত্র এবং তাদেরকে কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, সেটা তারাই জাস্টিফাই করছে যে, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, দেশ ও গোটা জাতি জানছে যে, দেশ এবং এই সরকার কোনো ভুল করেনি। কারণ ওদের রাজনীতি হলো জ্বালাওপোড়াও এবং সন্ত্রাস। আমরা তার বিরুদ্ধে আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার সব নেব।
মন্ত্রী আরও বলেন, ভালো ছাত্ররা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। সরকার সব রকম অপরাধের বিচার করতে বদ্ধপরিকর।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।










