যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মার্কিন ডলারের দরপতন এবং ট্রেজারি বন্ডের সুদহার কমেছে। সেই প্রভাব বিশ্ববাজারের স্বর্ণের দামে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই দিনে প্রায় ৫ শতাংশের বেশি বেড়েছে মূল্যবান ধাতটির দাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন বাংলাদেশ সময় সকাল ৯টা ১৬ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪ ডলার ৮৩ সেন্টে দাঁড়ায়। গত ২২ অক্টোবরের পর এটিই সর্বোচ্চ দাম।
এর আগের দিন বুধবারও স্বর্ণের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছিল, যা গত ১৯ আগস্টের পর এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪৪ ডলার ২০ সেন্টে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের দরপতন ও মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার কমে যাওয়ায় স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বগতি তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষক লিন ট্রান বলেন, স্বর্ণের দাম আবারও ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছে। বিনিয়োগ প্রবাহ ও সুদহারের পরিস্থিতি অনুকূলে থাকলে দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়ে ৪ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বৃহস্পতিবার মার্কিন ডলারের দর আরও কমেছে। এতে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহারও কমেছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ১২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫২৭ ডলার ৬৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩০ ডলার ১৪ সেন্টে দাঁড়িয়েছে।









