নিউজ ডেস্ক –
বান্দরবান সদর উপজেলার কসাইপাড়া এলাকার পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে যুবদলের এক নেতার লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ঝিরিতে লাশটি ভাসতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শহরের তালুকদার পাড়ার বাসিন্দা জহিরের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, কসাইপাড়া এলাকায় স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাই পাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।








