নিউজ ডেস্ক –
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সেদিন সন্ধ্যা ৭টায় মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে।
এর মধ্য দিয়ে আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর আগে লটারির মাধ্যমে এস কর্মী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।
কিন্তু দুদিনের সাক্ষাৎকারে নির্বাচিত ওই ৩০০ জনের মধ্যে কিছুসংখ্যক কর্মী অনুপস্থিত থাকেন। এ কারণে আগে নির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন আরও ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
তাদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।










