বিনোদন ডেস্ক –
রাজনৈতিক বিতর্কের মধ্যেই রসিকতাপূর্ণ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সায়েদের নির্বাচনী প্রচারণার একটি পোস্টে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
শাকিরার মজার সেই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কিন্তু কী ছিল সেই পোস্ট কিংবা মন্তব্যে?
ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের মিশিগানের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের মুসলিম পরিচয় নিয়ে প্রচারণার সময় বিভিন্ন বিতর্ক তৈরি হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালুর পরিকল্পনা করার অভিযোগও ওঠে। এসব অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি ব্যবহার করেন ‘শাকিরা ল’ বা ‘শাকিরা আইন’ শব্দবন্ধ।
গত ১২ নভেম্বর এল-সায়েদের নির্বাচনী প্রচারণার একটি পোস্টে মন্তব্য করেন শাকিরা। সেখানে তিনি লেখেন, ‘অবশেষে এমন একটি আইন পাওয়া গেল, যার সঙ্গে আমার নিতম্বও একমত! হাবিবি, তুমি কি মনে করো কংগ্রেসে এটি পাস করাতে পারবে?’
শাকিরার এই মন্তব্যে তার জনপ্রিয় গান ‘Hips Don’t Lie’-এর প্রতি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। পাশাপাশি আরবি শব্দ ‘হাবিবি’ ব্যবহার করে মন্তব্যটিতে যোগ করেছেন বাড়তি রসিকতা। ফলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার প্রতিক্রিয়া।
তবে ‘শাকিরা আইন’ বিষয়টি আসলে কী? গত ১৪ অক্টোবর প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে এল-সায়েদ ব্যাখ্যা করেছিলেন, কারও ওপর শরিয়াহ আইন চাপিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং মজার ছলে তিনি বলেছিলেন, শাকিরা আইনের মূল কথা হলো—নিতম্ব কখনো মিথ্যা বলে না। গায়িকার বিখ্যাত গানের শিরোনামকে কাজে লাগিয়েই রাজনৈতিক অভিযোগের জবাব দিয়েছিলেন তিনি।
মিসরীয় বংশোদ্ভূত চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সায়েদ ২০২৬ সালের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন। তার মুসলিম পরিচয়কে কেন্দ্র করে প্রচারিত বিভিন্ন অভিযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের তথ্য অনুযায়ী, তার পুরোনো বক্তব্যের কিছু অংশ কেটে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছিল।










