নিউজ ডেস্ক –
চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। দুই বছর ধরে সেখানেই আছেন তিনি। প্রতিবেশি দেশে বসে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিচ্ছেন। সবশেষ রয়টার্সকে তার প্রতিনিধি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা।এজন্য তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছেন। তার এই ঘোষণা চাঙা আওয়ামী লীগ। সম্প্রতি দলটির নেতাকর্মীরা গোপালগঞ্জসহ সারাদেশে তাণ্ডবও চালিয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হাসিনা দেশে ফেরা মাত্র গ্রেফতার হবেন। কারণ তিনি মানবতাবিরোধী মামলায় মৃত্যদণ্ড পাওয়া আসামি। তার রাষ্ট্রীয় বিমান চাওয়ার কোনো অধিকার নেই।
এদিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারকে বারবার বলা হচ্ছে। ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর এ বিষয়ে আশ্রয়দাতা দেশটির অবস্থান কী তা নিয়ে কৌতুহল কাজ করছে বাংলাদেশের মানুষের মনে।
অবশেষে শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ—দুটো পৃথক বিষয়।
বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দেন, ‘এটি (প্রতর্পণ) শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’
রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রত্যর্পণের অনুরোধটি বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন একটি আইনি বিষয়। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’
এর আগে গত ৩ অক্টোবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কথা বলেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে ভারতের অবস্থান বারবার স্পষ্ট করেছেন। বিষয়টি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতও এর সঙ্গে সম্পৃক্ত। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।
হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, সেই সময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল এবং ভারতও এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। আমি নিজেও তখন টেলিভিশনে দেখছিলাম, স্ক্রলে প্রচার করা হচ্ছিল যে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন। সেই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে পরিস্থিতির বাস্তবতায় আমাদের সামনে খুব বেশি বিকল্পও ছিল না।
তিনি বলেন, একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল। কারণ কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যার জন্য কোনো দেশই আগে থেকে প্রস্তুত থাকে না। ভারত যদি বলত যে তাকে গ্রহণ করবে না, এমনকি অবতরণের অনুমতিও না দিত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ওই দিন ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে তার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।
বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং অন্য যেকোনো দণ্ডিত পলাতক আসামির মতোই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া।










