নিউজ ডেস্ক-
সিলেটের জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে অনিয়ম, প্রবাসে অবস্থান করেও এক সহকারী শিক্ষকের সরকারি বেতন-ভাতা উত্তোলন এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে জেলা প্রশাসকের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

জেলা প্রশাসক, সিলেট এর নির্দেশে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত শেষে মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, সুপার ফয়েজুল ইসলাম এবং তৎকালীন সভাপতি ইসমাইল হোসেন শামীমের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবুর রহমান তৎকালীন সভাপতি ইসমাইল হোসেন শামীম ও সুপার ফয়েজুল ইসলামের যোগসাজশে অবৈধভাবে শিক্ষা ছুটি নিয়ে প্রবাসে অবস্থান করেও ১১ মাস যাবৎ নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন। উত্তোলন করা বেতনের এক অংশ সংশ্লিষ্ট শিক্ষক এবং বাকি দুই অংশ সভাপতি ও সুপার ভোগ করে আসছিলেন। এই অনিয়ম নিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তৎকালীন সভাপতির নির্দেশে সাংবাদিকদের উপর হামলা করে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে পুলিশ সাংবাদিকদের উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে অভিযুক্ত তৎকালীন সভাপতি ইসমাইল হোসেন শামীম বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সূত্র আর টিভি ও কালের কন্ঠ
https://www.facebook.com/share/v/1Eoi1dsKFq/










