“কবি জসিম হেলাল”
ইন্দ্রা গ্রামের মাটিতে একদিন
ষোলো বছরের একটি কিশোরী হাঁটত বই হাতে
সকালে স্কুল, বিকেলে মায়ের কাজে সহযোগিতা
সন্ধ্যায় পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে গল্পের আসর
তার নাম হালিমা পারভীন
বাবা ইসরাইল বিশ্বাস, মা আমেনা খাতুন
যশোরের বাঘারপাড়া ছিল তার ছোট্ট পৃথিবী
কে জানত, সেই পৃথিবী একদিন আগুনে পুড়বে
আর সেই আগুন থেকেই জন্ম নেবে
এক দুর্বার মুক্তিযোদ্ধার নাম!
১৯৭১, দেশজুড়ে যুদ্ধের পদধ্বনি
সাতই মার্চের ভাষণ গ্রামবাংলার রক্তে আগুন জ্বালায়
বাঘারপাড়ায় গোপন প্রশিক্ষণকেন্দ্র
মালঞ্চির সিদ্দিকের বাড়িতে অস্ত্রচর্চা
শ্রীরামপুর স্কুল থেকে পরিচালিত অভিযানের প্রস্তুতি
মামার বাড়িতে মুক্তিযোদ্ধাদের গোপন ঘাঁটি
সেখানেই প্রথম রাইফেল হাতে নেয় হালিমা
তার কিশোরী আঙুলে ধরা পড়ে স্বাধীনতার শপথ।
এপ্রিলের একদিন হানাদার আর রাজাকারের আগুন
গ্রাস করে তাদের ঘর, পুড়ে যায় বসতভিটা
চোখের সামনে ছাই হয়ে যায় পরিচিত পৃথিবী
সেদিন শুধু ঘর পোড়েনি, পুড়ে গিয়েছিল ভয়
কিশোরী বুঝেছিল
পরাধীন দেশে ঘরও নিরাপদ নয়, জীবনও নয়
তাই সে সিদ্ধান্ত নেয়, যুদ্ধ করবে
দেশটা কি শুধু পুরুষের?
মেয়েদের কি এই মাটিতে কোনো অধিকার নেই?
প্রথমে বাধা এসেছিল
বয়স কম, মেয়ে মানুষ, যুদ্ধ বড় বিপজ্জনক
কিন্তু হালিমার সংকল্পের সামনে
সেসব যুক্তি একে একে পরাজিত হয়েছিল।
রাইফেল চালানো শিখেছে, গ্রেনেড ছোড়া শিখেছে
রাতের অন্ধকারে পথ চিনে চলতে শিখেছে
শিখেছে শত্রুর মুখোমুখি দাঁড়ানোর সাহস
কারণ তার কাছে স্বাধীনতা ছিল
কোনো মানচিত্রের রেখা নয়, নিজের অস্তিত্বের নাম।
বাঘারপাড়া থানার সামনে একদিন
জমেছিল মুক্তির প্রত্যাশায় মানুষের মিছিল
নড়াইল থেকে আসা মিছিলের অংশ ঘিরে ফেলে থানা
পুলিশ আত্মসমর্পণ করে, জমা পড়ে ষোলোটি রাইফেল
হালিমাও ছিল সেই ইতিহাসের সাক্ষী ও অংশীদার
সে একা থানা দখল করেনি
কিন্তু সেই প্রতিরোধের ইতিহাসে
তার পদচিহ্নও অমোচনীয় হয়ে রইল
সেই অস্ত্র পরবর্তী বহু যুদ্ধে
মুক্তিযোদ্ধাদের হাতে শক্তি জুগিয়েছিল।
তারপর সে হয়ে ওঠে গ্রামের চোখ
কখনো খাবার পৌঁছে দেয় মুক্তিযোদ্ধাদের কাছে
কখনো আহত মানুষের ক্ষতে সেবা পৌঁছায়
কখনো গোপন সংবাদ, কখনো অস্ত্র বহন
প্রয়োজনে সম্মুখযুদ্ধেও পিছিয়ে থাকে না।
পাশে ছিল ফাতেমা, পাশে ছিল রোকেয়া
তিন কিশোরী, তিনটি সাহসী হৃদয়
তিন জোড়া হাতে অস্ত্র, তিনটি বুকের ভেতর
একটি দেশের স্বাধীনতার স্বপ্ন।
বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কের তিনটি সেতু
এক রাতে ভেঙে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে
শত্রুর অগ্রযাত্রা থামাতে, গ্রামকে রক্ষা করতে
অন্ধকারের সেই নীরব অভিযানে
হালিমাদের মতো নারীরাও রেখেছিল হাত
সেতু ভাঙা ছিল না কেবল যোগাযোগ বিচ্ছিন্ন করা
ছিল শত্রুর সময় কেড়ে নেওয়া
ছিল একটি জনপদকে বাঁচিয়ে রাখার কৌশল।
শত্রুরা তখন চিনে ফেলেছে তার সাহস
ঘোষণা করেছে পঞ্চাশ হাজার টাকার পুরস্কার
একটি কিশোরীকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে
এত বড় অর্থের লোভ দেখানো হয়েছিল!
কেন এত ভয় ছিল হালিমাকে নিয়ে?
কারণ সে শুধু অস্ত্র ধরেনি
অন্য নারীর বুকেও সাহসের আগুন জ্বেলেছিল
একজন হালিমা জেগে উঠলে
হাজার হালিমা জেগে উঠতে পারে
শত্রুরা সেই সত্যটিই বুঝেছিল।
জুন মাসে একদিন ধরা পড়ে হালিমা
নিয়ে যাওয়া হয় রাজাকারদের ক্যাম্পে
শুরু হয় বেয়নেটের আঘাতে ক্ষতবিক্ষত করার পালা
প্রতিবাদ করলেই বাড়ত নির্যাতনের মাত্রা
রক্তাক্ত শরীর নিয়েও তার কণ্ঠ থামেনি
তারপর চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়
যশোর সেনানিবাসের অন্ধকার বন্দিশালায়।
সেখানে খাবার মিলত একদিন পর পর
কিন্তু নির্যাতনের জন্য কোনো বিরতি ছিল না
প্রতিদিন শরীরের ওপর চলত পাশবিক অত্যাচার
প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হতো
তার চোখের সামনে বন্দি করা হয়েছিল
তারই মতো আরও অসংখ্য নারীকে
নির্যাতনের পর যাদের হত্যা করা হতো
তাদের লাশ গর্তে সমাহিত করতে বাধ্য করা হতো তাকে
কত অচেনা বোনের শেষ ঠিকানা
নিজের হাতে মাটি দিয়ে ঢেকে এসেছিল হালিমা!
একদিন দেখেছিল অন্তঃসত্ত্বা এক নারীকে
যার গর্ভে তখনও পৃথিবীর আলো না-দেখা শিশু
নির্যাতনের নিষ্ঠুরতা কেড়ে নিয়েছিল
মা ও অনাগত সন্তানের বেঁচে থাকার অধিকার
হালিমা কিছুই করতে পারেনি
শুধু অসহায় চোখে দেখতে হয়েছিল সেই বিভীষিকা
কিছু দৃশ্য মানুষ ভুলতে পারে না
কিছু দৃশ্য মানুষের ভেতরেই
আজীবন কবরহীন লাশ হয়ে পড়ে থাকে।
ছয় মাস—দীর্ঘ ছয় মাসের বন্দিজীবন
একটি রক্তমাখা শাড়ি, একটি ব্লাউজ
বদলানোর সুযোগ নেই, ধোয়ার সুযোগ নেই
শুকিয়ে যাওয়া রক্তের ওপর জমেছে নতুন রক্ত
ষোলো বছরের কিশোরীর জন্য
যে বয়সে বইয়ের পাতায় স্বপ্ন আঁকার কথা
সে বয়সে তাকে দেখতে হয়েছে মৃত্যুর মিছিল
সহ্য করতে হয়েছে ক্ষত, ক্ষুধা, অপমান
তবু তার আত্মসমর্পণ ঘটেনি।
তারপর ডিসেম্বরের ছয় তারিখ
১৯৭১-এর সেই ঐতিহাসিক সকাল
যশোর শত্রুমুক্ত—বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা
পাকিস্তানি সেনারা ছেড়ে গেছে সেনানিবাস
মুক্তিযোদ্ধারা প্রবেশ করে দেখতে পান
ছোট ছোট অন্ধকার কুঠুরিতে বন্দি মানুষ
সেখানেই পাওয়া যায় ক্ষতবিক্ষত, অর্ধমৃত হালিমাকে
মৃত্যুর দরজা পেরিয়েও যে বেঁচে ছিল
উদ্ধার করে তাকে পৌঁছে দেওয়া হয়
বাবা-মায়ের বুকের কাছে।
কিন্তু স্বাধীনতা কি সবার জন্য একই রকম ছিল?
দেশ ফিরেছিল, পতাকা উঠেছিল
কিন্তু হালিমার জন্য সমাজের দরজা বন্ধ হয়ে গেল
যারা একদিন তার সাহসের কথা বলত
তারাই আজ আড়ালে কুৎসা রটায়
রাজাকারদের দাপটে নিজের গ্রামেও
নিরাপদ থাকেনি তার বেঁচে ফিরে আসা
কয়েকজন রাজাকার তাকে হত্যার চেষ্টাও করেছিল
প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে হয়েছিল চাচার কাছে।
তার বাবা ইসরাইল বিশ্বাসকেও
সমাজ একঘরে করে দিয়েছিল
অপরাধ—মেয়েকে যুদ্ধে যেতে দিয়েছিলেন!
নাকি অপরাধ ছিল, মেয়ে বেঁচে ফিরে এসেছে?
কিন্তু পৃথিবীর সব সামাজিক রায়কে অগ্রাহ্য করে
একজন বাবা মেয়ের হাত ছাড়েননি
সমাজের অপমান সহ্য করেছেন
তবু নিজের সন্তানকে ত্যাগ করেননি।
স্বাধীনতার পরও হালিমার বিয়ে হয়নি
কুৎসা আর সামাজিক ঘৃণা পথ আটকে দাঁড়িয়েছিল
যে নারী দেশের জন্য জীবন বাজি রেখেছিল
তার নিজের জীবনে সংসারের স্বপ্নটুকুও
সহজে জায়গা পায়নি।
১৯৮৩ সালে মহেশপুর হাসপাতালে
আয়ার চাকরি পেয়ে শুরু করেন নতুন জীবন
সা









