বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি-
সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জাতীয় ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হওয়া ৭ নভেম্বর মহান ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই গৌরবোজ্জ্বল দিবসটি উদযাপন উপলক্ষে ‘আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস শহীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল আহমদ, পৌর জামায়াতের নায়েবে আমির মাষ্টার ইমাদ উদ্দিন, পল্লী বিদ্যুৎ সিলেট-১ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সারোয়ার জাহান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওসার খান, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা শেষে উপজেলা প্রাঙ্গন মাঠে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।








