– কবি জসিম হেলাল-
আমি বাঁচতে চাই
আর দশটা শিশুর মতো
সকালের রোদে ছুটে বেড়াতে চাই
বৃষ্টির জলে ভিজতে চাই
মায়ের বুকে মাথা রেখে
নির্ভয়ে ঘুমাতে চাই।
কিন্তু আমার শরীরজুড়ে এখন
এক অদৃশ্য যুদ্ধের বসবাস
প্রতিদিন কেমোথেরাপির যন্ত্রণা
একটার পর একটা চিকিৎসা
আর আয়নার সামনে দাঁড়িয়ে দেখি
আমার মাথার চুলগুলোও
নীরবে বিদায় নিয়েছে!
তবু আমি মরতে চাই না
আমি তো এখনো জীবনকে দেখিনি
পৃথিবীর কত রং বাকি
কত স্বপ্নের দরজা খোলা বাকি
কত প্রিয় মুখকে বলা বাকি
আমি তোমাদের সঙ্গে বাঁচতে চাই।
হে পৃথিবীর মানুষ
তোমরা কি আমার কান্না শুনতে পাও?
নাকি অর্থের হিসাবের কাছে
আমার বেঁচে থাকার আকুতিটুকুও
আজ বড় বেশি মূল্যহীন?
চিকিৎসকেরা কি শুধু ব্যবস্থাপত্র লিখবেন
নাকি অসহায় মানুষের চোখের জলও পড়বেন?
আমরা কি চিকিৎসক হয়েও
মানবিকতার হাত বাড়াতে পারি না?
একটু সহানুভূতি
একটু সাহস
একটু সহযোগিতা
কোনোটাই কি আমাদের সাধ্যের বাইরে?
সমাজের বিত্তবান মানুষেরা
আপনাদের প্রাসাদের আলোয়
একবার তাকিয়ে দেখুন হাসপাতালের বিছানায়
কত স্বপ্ন নিভে যাচ্ছে অর্থের অভাবে!
কত বাবা সন্তানের চিকিৎসার জন্য
নিজের শেষ সম্বলটুকু বিক্রি করছেন
কত মা নীরবে চোখের জল লুকিয়ে
সন্তানের মুখে হাসি ফোটাতে চাইছেন!
কেন এই পৃথিবীতে
বেঁচে থাকার অধিকারও অর্থের কাছে বন্দি?
অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি
শুধু সামর্থ্যের বিষয়
নাকি মানুষের পরিচয় দেওয়ারও বিষয়?
কেন ক্যানসার আসে
কেন ডেঙ্গু কেড়ে নেয় প্রাণ
কেন মহামারি থামিয়ে দেয়
হাজারো জীবনের স্বাভাবিক চলার পথ?
এ কি আমাদের কোনো অপরাধের শাস্তি
নাকি প্রকৃতির নির্মম বাস্তবতা?
সৃষ্টিকর্তার রহস্যময় বিধান নিয়ে
আমরা হয়তো সব প্রশ্নের উত্তর জানি না
তবু মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব
আমাদেরই নিতে হবে।
হে মানুষ,
অসুস্থ মানুষকে অপরাধী ভেবো না
তার অসুখকে অভিশাপ বলে দূরে সরিয়ে রেখো না।
সে তোমারই মতো মানুষ
তারও বুকের ভেতর স্বপ্ন আছে
তারও বাঁচার অধিকার আছে।
আজ যে শিশুটি হাসপাতালের বিছানায়
মৃত্যুর সঙ্গে প্রতিদিন লড়াই করছে
আগামীকাল সে-ই হয়তো
পৃথিবীর আলোয় নতুন ইতিহাস লিখবে।
তাই এসো
কেউ একটু অর্থ দিয়ে
কেউ চিকিৎসার দায়িত্ব নিয়ে
কেউ সাহসের কথা বলে
কেউ শুধু হাতটি ধরে
মানুষের পাশে দাঁড়াই।
কারণ
একটি প্রাণ বাঁচানো মানে
একটি পৃথিবীকে বাঁচিয়ে রাখা
একটি শিশুর মুখে হাসি ফোটানো মানে
হাজারো অন্ধকারের বিরুদ্ধে
মানবতার প্রদীপ জ্বালিয়ে দেওয়া।
আমরা করুণা চাই না
চাই বেঁচে থাকার সুযোগ।
আমরা অসহায় বলে অবহেলা নয়
মানুষ বলে মানুষের ভালোবাসা চাই।
আমাদের একটাই আকুতি
আমাদের বাঁচতে দাও
আমাদের স্বপ্ন দেখতে দাও
আমাদেরও এই সুন্দর পৃথিবীর আলোয়
আরও কিছুদিন বেঁচে থাকতে দাও।










