ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলানিউজ২৪ টুডে
ব্রেকিং নিউজ
জাতীয়

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক –

যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনুষ্ঠান শেষে নাহিদ ইসলামের প্রস্থানের পর অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ সময় এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন। উল্লেখ্য, হামলার আগেই নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন।

Ads World

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, যে নৈরাজ্য ও নাশকতা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে ঘটাচ্ছে, তার কিছু চিহ্ন আমরা যুক্তরাজ্যেও দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী আসলে কে? বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র-জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের।

এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি নানা প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির একটি অংশ আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করেছে। অথচ আজ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সামনে বিএনপি অসহায়। এখন তারা বিরোধী দলের সহযোগিতা চাইছে, কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে শর্টসার্কিটের দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করলেন। অথচ সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলার দায় স্বীকার পর্যন্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট শক্তিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমি তখন বলেছিলাম, বিরোধী দলের বাসা আগুনে জ্বলছে, আপনি দায়মুক্তি দিচ্ছেন; আগামীকাল দেখবেন আপনার বাসায় আগুন জ্বলবে। আমি যুক্তরাজ্যে আসার পর দেখলাম, দেশে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।

Ads World

এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) প্রকৌশলী কামরুল আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) আরাফাত আলিফ খান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সালেহ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য মো. মজিবুল আলম হিমেল, ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক বেলাল হোসেন, যুক্তরাজ্যের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তসলিমা তাজ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সদস্যসচিব মুফতি সালেহ আহমেদ, সাংবাদিক তাইসির মাহমুদ; এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা আনাস খন্দকার, হাবিব আহমেদ, ব্যারিস্টার সালমা বেগম ও হ্যাপি শারমিন; এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক শাকুর, সদস্যসচিব ইঞ্জিনিয়ার মেরাজ আজিজ এবং মুখ্য সংগঠক নাইমুল ইসলাম।

অনুষ্ঠান প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পোস্টে তিনি বলেন, দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

নাহিদ ইসলাম আরও বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে। আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

মন্তব্য করার নিয়ম
  • বাংলা বা ইংরেজিতে ভদ্র ও শালীন ভাষায় আপনার মতামত লিখুন।
  • গালাগাল, ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় বা রাজনৈতিক উসকানি এবং মিথ্যা তথ্য থাকলে মন্তব্য মুছে ফেলা হবে।
  • আপনার ইমেইল ঠিকানা কোথাও প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা আবশ্যক।
  • মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হতে পারে। পোস্ট করার পর আমরা আপনাকে ধন্যবাদ জানাব।

আপনার মন্তব্য লিখুন

মাল্টি মিডিয়া

ভিডিও সেন্টার »

Facebook ভিডিও

এখনো কোনো ভিডিও নেই

Bilibili ভিডিও

এখনো কোনো ভিডিও নেই
Ads World